রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথের দুর্ঘটনা রোধে সর্বসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'নিরাপদ যাত্রা ফাউন্ডেশন'।
গতকাল রবিবার সকালে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা পুলিশ ট্রাফিক বক্সের সামনে পথসভা ও চালক-যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময়ে সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের সঠিকভাবে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানান বক্তারা। একই সাথে কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন যানবাহন সড়কে না নামানোর কড়া বার্তা দেওয়া হয়। এছাড়াও নৌপথে দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকা, যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং কঠোরভাবে নৌ আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। চালকদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলা হয়— ঘুম ঘুম চোখে কিংবা মোবাইল ফোনে কথা বলতে বলতে কোনোভাবেই গাড়ি চালানো যাবে না।
পথসভায় যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে দুই দফা তুলে ধরা হয়। এগুলো হলো বাস ও ট্রাক টার্মিনাল দ্রুত শহরের বাইরে মানিকছড়িতে স্থানান্তর করতে হবে এবং রাঙ্গামাটি শহরের অলিগলি এবং বিশেষ করে হাসপাতাল সংলগ্ন সড়কের বেহাল দশা ও খানাখন্দ দ্রুত মেরামত করে দ্রুত যান চলাচলের উপযোগী করা।
নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে অনুস্টিত পথসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি, হুমায়ুন কবির, আরিয়ান রিয়াজ ও সানজিদা ইসলাম সানজু প্রমুখ। এতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের সদস্যরা এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।