ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই শিশুসহ একই পরিবারের চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের দক্ষিণ পাশে সীমান্তের মেইন পিলার ৬০/১১০-এর প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন শ্যামকুড় বিওপির নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল হাইয়ের শিমক্ষেতের পাশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বিলপাড় গ্রামের লালচাঁদ সিঙ্গাদার (৩৯), তাঁর স্ত্রী দুলালী (৩৬) ও তাদের দুই ছেলে মেয়ে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, তাঁরা ভারতে বাসাবাড়িতে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
বিজিবি সূত্র আরও জানায়, আটক চারজনকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিষয়টি ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান নিশ্চিত করেছে।