দীর্ঘ সাড়ে তিন দশকের কর্মজীবনের ইতি টানলেন শিক্ষক বিপ্লব সরকার। শেষ দিনের আনুষ্ঠানিকতা শেষে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন তিনি।
চট্টগ্রামের বোয়ালখালীতে এক শিক্ষকের অবসরকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। ৩৫ বছর শিক্ষকতা শেষে বিদায় নেওয়া বিপ্লব সরকারকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সম্মাননা স্মারক ও উপহার হাতে তার বিদায় মুহূর্তে বিদ্যালয়জুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বিপ্লব সরকারের শিক্ষকতা জীবনের শুরু ১৯৯১ সালে পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে। দুই বছর পর ১৯৯৩ সালে তিনি যোগ দেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। সেখানে দীর্ঘদিন সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও গ্রহণ করেছিলেন তিনি। মঙ্গলবার ছিল তার কর্মজীবনের শেষ দিন।
বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।
অনুষ্ঠানে নিজের দীর্ঘ কর্মজীবন ও পারিবারিক জীবনের নানা স্মৃতি তুলে ধরেন বিপ্লব সরকার। তিনি জানান, তার বাবা আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন না। বাবার একটি দর্জির দোকান ছিল। দুই ভাই-বোনই পরবর্তী সময়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন।
দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর সুস্থভাবে অবসরে যেতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবার কাছে ক্ষমাও চান।
বিদায়ী বক্তব্যে বিপ্লব সরকার বলেন, প্রধান শিক্ষকের দায়িত্ব এবং ব্যক্তি বিপ্লব সরকারের অবস্থান এক নয়। দায়িত্বের প্রয়োজনে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এতে অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
কর্মজীবনের বিভিন্ন প্রতিকূলতার কথাও তুলে ধরেন এই শিক্ষক। তিনি জানান, অনেক কাজ করার ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ দিনে সহকর্মী ও শিক্ষার্থীদের এমন ভালোবাসা তার অবসরের মুহূর্তকে স্মরণীয় করে রাখল।