নিখোঁজ হওয়ার তিন দিন পর রংপুরে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কেনাবেচার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ থেকে হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২৯)। তিনি নগরীর ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে একই এলাকার সেনাসদস্য শাহীন শেখের ভাড়া বাসা থেকে ত্রিপলে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন গাইবান্ধার বাসিন্দা মোজাফফর মিয়ার ছেলে শাহীন শেখ (২৫) এবং ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৯)। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আরিফুল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরদিন ২৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
এরপর বৃহস্পতিবার ভোরে শাহীন শেখের ভাড়া বাসা থেকে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, শীলপাটা দিয়ে মাথায় আঘাত এবং গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।
ওসি ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। শাহীন শেখ সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। অন্যদিকে রাসেল মিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকসংক্রান্ত অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের ভূমিকা নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।