ঝিনাইদহের মহেশপুরে দুই গ্রামের মানুষের মধ্যে সামাজিক বিরোধের জেরে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের পিরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরগাছা ও শংকরপুর গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের দুজন করে মোট চারজন আহত হন।
আহতরা হলেন পিরগাছা গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে মুখলেছুর রহমান রনি ও শাহাবুদ্দিনের ছেলে শাকিল এবং শংকরপুর গ্রামের ইউনুস মণ্ডলের দুই ছেলে ইংলিশ মিয়া ও আল মামুন। স্বজনরা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে মহেশপুর থানার ডিউটি অফিসার সৌরভ জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।