গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে প্রধান আসামি করা হয়েছে।
মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস। এছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামচুল হক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসও মামলার আসামি। বাকি ৮ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এতদিন মামলার বিষয়টি প্রকাশ্যে আসেনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার এসআই মো. আরিফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় খুনের উদ্দেশ্যে পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পাশাপাশি সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে আগুন দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
মামলার এজাহার অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তালিকায় রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় রয়েছে।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মূল্য আনুমানিক তিন কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সব মিলিয়ে সরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলার বিবরণীতে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।



