চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশীয় তৈরি একটি লোহার শটগান ও দুটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাউজান থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. জান্নাতুন নাঈম রাজনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই তানভীর জানান, ব্যাপারীপাড়ায় আবুল কালামের বাড়ির সামনের পাকা রাস্তার পাশের ঝোপ থেকে জাহেদুলকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯এফ ধারায় রাউজান থানায় মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কিশোর গ্যাং সংশ্লিষ্ট একটি মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।




