ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতে শাহীন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলুকে আটক করেছে পুলিশ।
নিহত শাহীন ওই গ্রামের মো. সিরাজুল ইসলাম জিন্নতের ছেলে। অভিযুক্ত দেলোয়ার একই গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী মাজেদা (৩৫) জানান, শাহীন গাছ থেকে সুপারি নিয়ে তার বাড়ির সামনে গেলে দক্ষিণ দিক থেকে দেলোয়ার এসে লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে ছুরি দিয়ে শাহীনের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। মাজেদা নিজের ওড়না দিয়ে ক্ষতস্থান বেঁধে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা শাহীনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আনিছুল হক জানান, শাহীনের চিৎকার শুনে এগিয়ে গেলে দেলোয়ার ছুরি নিয়ে তাকেও ধাওয়া করেন। প্রাণভয়ে তিনি বাড়িতে আশ্রয় নেন।
ফারুক আহমেদ নামে আরেক স্থানীয় বাসিন্দার অভিযোগ, দেলোয়ার দীর্ঘদিন ধরে অস্বাভাবিক আচরণ করতেন এবং তার কাছে সব সময় ধারালো অস্ত্র থাকত। বিষয়টি তার পরিবারকে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি।
ঘটনার পর দেলোয়ার নিজ বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। পরে এলাকাবাসী ধাওয়া করে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




