ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদার, কাজিয়াতলী ও মঈনপুর সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত ফাঁড়ির টহল দল নিজ নিজ এলাকায় অভিযান চালায়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, বাজি, বাসমতী চাল, গরু, চকলেট, ফুসকা, ফেসওয়াশ, অলিভ অয়েল, পন্ডস পাউডার, সাবান, জনসন বেবি লোশন, শ্যাম্পু, গাঁজা, কাশির সিরাপ ও মোটরসাইকেল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় অভিযানগুলো পরিচালিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।




