সারের সংকট বিএনপি তৈরি করেনি; বরং ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে ফ্যাসিস্ট সরকারের দোসররা কৃত্রিম সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।
শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের রাজমনি হোটেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্যামল বলেন, আগের সরকার ইউনিয়ন পর্যায়ে সার ডিলার নিয়োগ দিয়েছিল। তাদের কেউ কেউ সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ইউনিয়ন পর্যায়ের আগের ডিলার নিয়োগ বাতিল করে নতুনভাবে ডিলার নিয়োগ দিয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কৃষিমন্ত্রী জানিয়েছেন, দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। এ তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এতে বক্তব্য দেন সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম ও মাইনুল হোসেন চপল। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন ও শামীম মোল্লা, কোষাধ্যক্ষ মিজানুর রহমান এবং প্রচার সম্পাদক মো. মাহীন বক্তব্য দেন।