পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শুভ সাপকী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে গেছে।
রবিবার ভোররাতে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার শুভ সাপকী ওই গ্রামের মৃত সুবাস চন্দ্র সাপকীর ছেলে।
পুলিশের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে শুভ সাপকীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ট্রলি ব্যাগের ভেতরে তিনটি পোটলায় রাখা ৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।