ডেঙ্গুর ঝুঁকি কমাতে সিরাজগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে শহরের বিজয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানের লক্ষ্য পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো।
কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি জমে থাকার স্থান চিহ্নিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডেঙ্গু প্রতিরোধে আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, পৌর প্রশাসক শাহাদাত হোসাইন, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




