দীর্ঘ এক মাস জ্বলতে থাকা কক্সবাজারের উখিয়ার ইনানীর গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আসার পর আবারও দুর্ঘটনা ঘটেছে। কূপ এলাকায় জরিপের কাজ চলার সময় বিস্ফোরণে বাপেক্সের উপমহাব্যবস্থাপকসহ সাত কর্মী দগ্ধ হয়েছেন।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর কূপ এলাকায় জরিপের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস সালাম জানান, গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভের কাজ করছিলেন বাপেক্সের কর্মীরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং কূপ থেকে আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে সাতজন দগ্ধ ও আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি রয়েছেন।
এর আগে, গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে ওই গ্যাসে আগুন ধরে যায়। এরপর টানা এক মাস ধরে জ্বলতে থাকে আগুন।
দীর্ঘ এক মাস চেষ্টার পর গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষজ্ঞ দল গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর কূপ এলাকায় প্রয়োজনীয় সার্ভে ও পর্যবেক্ষণের কাজ শুরু করেন বাপেক্সের কর্মীরা। এর মধ্যেই রবিবার সেখানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটল।