ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের প্রায় ১৫ দিন পর শাহিন রেজা সাইনের সন্ধান মিলেছে ভারতের অভ্যন্তরে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে তাকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ভারতের প্রচলিত আইন অনুযায়ী তাকে কৃষ্ণনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিএসএফের পাঠানো প্রতিবাদলিপি (প্রোটেকশন নোটিশ) থেকে এ তথ্য জানতে পেরেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর ভারতের অভ্যন্তরে সাইনকে আটক করে বিএসএফ। এ বিষয়ে গত ২৬ নভেম্বর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের কাছে প্রতিপক্ষ ছুটিপুর ক্যাম্পের বিএসএফ একটি প্রোটেকশন নোটিশ পাঠায়। এতে আটকের তথ্য জানিয়ে উল্লেখ করা হয়, সাইন তাদের কাছে স্বীকার করেছেন, ৫-৬ জন মিলে সীমান্ত অতিক্রম করেছিলেন। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে সাইনকে ভারতের কৃষ্ণনগর থানায় হস্তান্তর করা হয়।
নিখোঁজ সাইন মহেশপুর উপজেলার তেঁলটুপি গ্রামের সন্টু মিয়ার ছেলে। পরিবারের অভিযোগ, গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মহেশপুর থানায় লিখিত অভিযোগ করা হয়।
৫৮ বিজিবির অধিনায়ক রফিকুল আলম জানান, বিএসএফের কাছ থেকে পাওয়া তথ্য শনিবার সাইনের পরিবারকে জানানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পর একজন উপপরিদর্শক (এসআই) তদন্ত করছেন। তদন্তে যতটুকু জানা গেছে, সাইন ভারতে আটক হয়েছেন।