মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমিগুলো সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি উলিপুরের হাতিয়া গণহত্যায় শহীদ পরিবারের সদস্যদের সহযোগিতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, ইসলামী আন্দোলন কুড়িগ্রাম শাখার সভাপতি অধ্যক্ষ নূর বখত, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, মহান বিজয় দিবস বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি জেলার বধ্যভূমিগুলো সংস্কার করে দৃশ্যমান করার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। একই সঙ্গে উলিপুরের হাতিয়ায় শহীদ পরিবারসহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ ও সমন্বয় করা হবে।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে জেলার বধ্যভূমিগুলো দ্রুত সংস্কার, দৃশ্যমান ও সংরক্ষিত করা প্রয়োজন।
বিশেষ করে ১৯৭১ সালের ১৩ নভেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত ৬৯৭ জন নিরীহ মানুষের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে ওই গণহত্যায় শহীদ পরিবারের অসহায় সদস্যদের খোঁজখবর নেওয়া এবং তাদের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
এ ছাড়া মহান বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন এবং কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন সভায় অংশ নেন।