চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং নাশকতার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. ওয়াসিম (২৬), মো. ফারুক মাসুদ (২৭), মো. জসিম উদ্দিন (৪২), মো. আমজাদ হোসেন (৪৩), মো. হেফাজুর রহমান (৩২), মো. ইফতেখার আহম্মদ চৌধুরী সায়মন (১৮), সায়মান ইসলাম (১৮) ও মোহাম্মদ নাজেম উদ্দীন (৪৪)। তাদের মধ্যে ছয়জন আনোয়ারা উপজেলার এবং দুজন চন্দনাইশ উপজেলার বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে নাশকতাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।