খুলনা নগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী খালিশপুর থানার বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা বাবুল আক্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট প্লেনের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লাগে আলভীর। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, জোড়াগেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।