যশোর জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন জমি নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে যশোরের অভয়নগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় ভাঙ্গাগেট ট্রাক টার্মিনালসংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সংগঠনের নেতারা জমি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়নের অন্তর্ভুক্ত ১৫ দশমিক ৬০ শতক জমি নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের প্রচার বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে জমি নিয়ে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন রবি, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্যা, সহসভাপতি বাকিউজ্জামান রানা, কোষাধ্যক্ষ আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মনা, যুগ্ম সম্পাদক ফারুক শেখ, আইন সম্পাদক আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক রেজাউল হোসেন রানা ও প্রচার সম্পাদক বাদশা সরদার।
এ ছাড়া সাবেক লাইন সম্পাদক রাজু আহম্মেদ, অভয়নগর ট্রাক চালক শ্রমিক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক শাহিন আকন রানাসহ সংগঠনের অন্যান্য নেতা ও বিপুলসংখ্যক শ্রমিক কর্মসূচিতে অংশ নেন।