জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক।
বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের বিকশিত করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। একই সঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত ৯৪ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।