সাশ্রয়ী ভ্রমণের আশায় ট্রেনে চড়েও স্বস্তি পাচ্ছেন না পশ্চিমাঞ্চলের যাত্রীরা। টিকিট সংগ্রহ থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নানা সমস্যায় প্রতিদিনই বাড়ছে তাদের দুর্ভোগ।
ট্রেনের টিকিট পেতে দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, বগিতে ধারণক্ষমতার বাইরে যাত্রী এবং জরাজীর্ণ অবকাঠামো—সব মিলিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীসেবায় দেখা দিয়েছে নানা সংকট। এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রেনের বিলম্ব, অপরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ফলে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় এই পরিবহনব্যবস্থায় ভ্রমণ ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে।
রাজশাহী রেলস্টেশন থেকে প্রতিদিন আন্তঃনগর ও লোকাল মিলিয়ে ১৯ জোড়া ট্রেন চলাচল করে। তবে যাত্রীদের অভিযোগ, ট্রেনের সংখ্যা ও সেবার মানের মধ্যে সামঞ্জস্য নেই। বিশেষ করে রাজশাহী-ঢাকা রুটে টিকিট পাওয়া নিয়ে ভোগান্তি বেশি। অনলাইনে নির্ধারিত সময়ে চেষ্টা করেও আসন পাওয়া যায় না। কাউন্টারেও দীর্ঘ সময় অপেক্ষার পর অনেককে খালি হাতে ফিরতে হয়।
অভিযোগ রয়েছে, সরকারি নির্ধারিত মূল্যে টিকিট না পাওয়া গেলেও অতিরিক্ত অর্থের বিনিময়ে কিছু ক্ষেত্রে টিকিট সংগ্রহ করা সম্ভব হচ্ছে। আশরাফ আলী নামে এক যাত্রীর দাবি, অনলাইন ও কাউন্টারে আসন না থাকলেও কোনো কোনো বগিতে আসন খালি দেখা যায়। এতে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি অর্থ আদায়ের সুযোগ রয়েছে বলে তার অভিযোগ।
আয়েশা রহমান নামে আরেক যাত্রী জানান, আগে থেকে পরিকল্পনা করেও টিকিট পাওয়া কঠিন। অথচ জরুরি প্রয়োজনে যাত্রা করতে হলে বেশি টাকা খরচের চাপ তৈরি হয়। এতে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
টিকিটের সমস্যা পেরিয়ে ট্রেনে উঠলেও স্বাভাবিক পরিবেশ পাচ্ছেন না যাত্রীরা। বগির দরজা, করিডোর এমনকি নামাজের কক্ষেও অতিরিক্ত মানুষের অবস্থানের অভিযোগ রয়েছে। এতে বৈধ টিকিটধারীদের বসা ও চলাচলে সমস্যা হচ্ছে। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য দীর্ঘ পথের এই ভ্রমণ আরও কষ্টকর হয়ে উঠছে।
বারিউল আলম নামে এক যাত্রী বলেন, আসন সংরক্ষণ করেও স্বস্তিতে ভ্রমণ করা যায় না। অতিরিক্ত যাত্রীর কারণে বগির ভেতরে সারাক্ষণ বিশৃঙ্খল পরিস্থিতি থাকে। ফলে বিশ্রাম নেওয়ার সুযোগও কমে যায়।
ট্রেনের ভেতরের সুযোগ-সুবিধা নিয়েও অসন্তোষ রয়েছে। অনেক বগিতে ভাঙা আসন, অকার্যকর ফ্যান ও নষ্ট বাতির কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ যাত্রায় অপরিচ্ছন্ন টয়লেট, পানির সংকট ও দুর্গন্ধ পরিস্থিতিকে আরও অসহনীয় করে তোলে।
অন্যদিকে, পুরোনো রেললাইন ও পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। বিভিন্ন স্থানে রেলপথের ত্রুটির কারণে ট্রেনের গতি কমাতে হয়। এতে নির্ধারিত সময়সূচি ব্যাহত হয় এবং একাধিক ট্রেনের চলাচলে প্রভাব পড়ে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে যাতায়াতকারীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন। রেলপথের নিয়মিত সংস্কার ও ত্রুটি দ্রুত মেরামতের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন চালকরাও।
এসব সমস্যা সমাধানে নতুন কোচ কেনা ও রেলপথ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুদ। তিনি জানান, যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে ২০০টি নতুন কোচ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রেলপথ সংস্কার ও পুনর্বাসনে প্রায় দুই হাজার কোটি টাকার একটি প্রকল্প সরকার অনুমোদন করেছে।
প্রকল্পের আওতায় ২ হাজার ২৮ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছরে ৫০০ দশমিক ২ কিলোমিটার রেলপথ নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ৪৩ দশমিক ৯০ কিলোমিটার পথ পূর্ণাঙ্গ পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আবদুলপুর-রাজশাহী কোর্ট রেলপথও অন্তর্ভুক্ত।
তবে নতুন কোচ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, কালোবাজারি বন্ধ, অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ এবং ট্রেনের ভেতরের পরিবেশ উন্নত করা জরুরি বলে মনে করছেন যাত্রীরা। তাদের প্রত্যাশা, পরিকল্পনার ঘোষণা নয়, বাস্তবে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে রেলভ্রমণকে নিরাপদ ও স্বস্তিদায়ক করা হবে।




