পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলায় ট্রাকের চাপায় জুলেখা বেগম (৫৫) এবং সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি জাহাঙ্গীর আলম (৪০) মারা যান।
পুলিশ জানায়, দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে বোয়ালমারি এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম। মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তিনি ভ্যান থেকে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। বোদা থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকায় নিজ বাসায় কাঠমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর আলম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুতপা বনিক জানান, দুপুর পৌনে ১টার দিকে জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। সদর থানার ওসি মোখলেসুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।