কুমিল্লার দেবীদ্বারে মাদক সেবনের দায়ে মো. ইসমাইল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইসমাইল হোসেন ওই গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের মাধ্যমে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।