বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা সংক্রান্ত বিরোধ ও মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংহপুর গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত আটজন আহত হন।
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে খোকন মোল্লা (৫০), তার ছেলে সুমন মোল্লা (৩০) ও স্ত্রী আফসানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে খোকন মোল্লার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
অপর পক্ষের রাসেল শেখ (২৫) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নবির শেখের ছেলে আশিকুল শেখ (৪০) এবং শহীদ মোল্লার তিন সন্তান রবিউল মোল্লা (২২), লিমা (২৪) ও সিমা (১২) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের সবার বাড়ি উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।