প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর রাজশাহী। মঙ্গলবার (২০ অক্টোবর) তার জনসভা সফল করতে প্রস্তুতি নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর। তাকে একনজর দেখতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী ধর্মসভায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
সোমবার দুপুরে সফরের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, অল্প সময়ে প্রস্তুতি নেওয়া হলেও রাজশাহীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ কাজ করছে। তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
ভূমিমন্ত্রী জানান, উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সফরে কৃষকদের জন্য বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের এ সফর রাজশাহীর মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।
মিনু বলেন, রাজশাহীর মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে বীজ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষানগরী’ ঘোষণার দাবিও জানানো হবে।
এদিকে সোমবার বিকেলে জনসভাস্থল মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন পবা-মোহনপুরের সংসদ সদস্য সাইফুল হক মিলন, বিএনপির মহানগর সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং বাঘা-চারঘাটের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সফর ঘিরে সার্বিক প্রস্তুতি ও মাঠের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।