শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বাগেরহাটে বিভিন্ন দুর্গামন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে অনুদানও দিচ্ছেন তারা। জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা এলাকায় দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে।
রবিবার রাতে বাগেরহাট শহরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রত্যাশী ও দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। তারা পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অনুদান দেন।
এ ছাড়া বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন দলীয় নেতাদের নিয়ে বাগেরহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামও তার নির্বাচনী এলাকা রামপাল ও মোংলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান দিচ্ছেন। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতাদের এসব কর্মসূচির মধ্য দিয়ে দুর্গোৎসবকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ছে।