বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ফিরোজ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ট্রাকের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকার আব্দুল রশিদের ছেলে। আহতরা হলেন একই উপজেলার রাজবাড়ী এলাকার মকবুলের ছেলে রাসেল (৩৫) এবং গাইবান্ধা সদর উপজেলার টেংগরজানি এলাকার সাইদার রহমানের ছেলে আব্দুল করিম (৩৬)।
পুলিশ জানায়, ব্যাটারির পানি বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ওভারব্রিজে ওঠার পর ট্রাকটির সামনের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি খালি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক ফিরোজের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।