ফুটবল ম্যাচের ফল নির্ধারণ নিয়ে বিরোধের জেরে পাবনার বেড়ায় দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংঘর্ষের সময় অন্তত ১৫টি বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বেড়া পৌর এলাকার নাজিম বাজারে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয়দের ভাষ্য, বেড়া বিবি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে চলমান ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় ২ নম্বর ওয়ার্ডের সঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের খেলা ১-১ গোলে শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণের উদ্যোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে।
পরে ২ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া ও ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা আশপাশে ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি দোকানে আগুন দেওয়ার পাশাপাশি বাড়িঘর ও দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের অনেকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা। বেড়া থানা ছাড়াও সাঁথিয়া ও সুজানগর থানা এবং পাবনা পুলিশ লাইনস থেকে পুলিশ ও সিআরবি সদস্যদের পাঠানো হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।
বেড়া থানার ওসি নয়ন কুমার সরকার জানান, ফুটবল খেলাকে ঘিরে বিরোধ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউএনও রুনাল্ট চাকমা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।