রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে রাতভর পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনের পাশাপাশি ৮ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। এসব ঘটনায় অস্ত্র ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) গভীর রাতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। সোমবার দুপুরে রাজশাহীতে এসআরবি-৫-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর হাটপাড়া এলাকায় প্রথম অভিযান চালানো হয়। সেখানে আহসান আলী ও আবদুর রহিমের বাড়িতে তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন পাওয়া যায়। এ সময় অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি-৫। তাদের মধ্যে আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র মামলা রয়েছে। অন্যদিকে আবদুর রহিমের বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানায় জাল টাকা-সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
একই রাতে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় ময়না বেগম ও শাহাদত হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল। তাদের বিরুদ্ধেও টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
এসআরবি-৫-এর কমান্ডিং অফিসার জানান, পৃথক দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে গত ছয় মাসে পরিচালিত অভিযানের সাফল্যের পরিসংখ্যানও তুলে ধরা হয়। এ সময়ে ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে এসআরবি-৫।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার ট্যাপেন্টাডল বড়ি জব্দ করা হয়েছে। সংস্থাটির দাবি, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।