আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্লট বরাদ্দ পাওয়া উদ্যোক্তারা শিল্প স্থাপনের কাজ শুরু করতে পারবেন।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মুখ্য সচিব বলেন, উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে এ শিল্প পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্প পার্ক মাঠে সভা করতে এসে প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রকল্পের আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, বিসিক শিল্প পার্ক প্লট মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের শেখ এবং প্লট মালিক আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে প্রবেশপথে শহীদ শামসুদ্দিন গেট-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।