সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ডাকাত ও ছিনতাইকারী দলের তিন সদস্য এবং দুই মাদক কারবারিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (২১ অক্টোবর) দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম।
ডিবি জানায়, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকা থেকে ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য সন্দেহে মনির মোল্যা (৪২), শহিদুল ইসলাম ওরফে বাবু (৩৫) ও নাজমুল হাসানকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মনির মোল্যার বিরুদ্ধে মাদক ও অন্যান্য অপরাধে দুটি মামলা রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে সাভার পৌরসভার জালেশ্বর এলাকা থেকে ইয়াসিন খন্দকার তানজিল (৩২) ও ইমরান হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ১০০ টাকা। তাদের দুজনের বিরুদ্ধেই আগে একটি করে মাদক মামলা রয়েছে।
ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অন্য তিনজনকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।