কৃষি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে জামালপুরে। এ লক্ষ্যে তরুণদের প্রশিক্ষণ দিয়ে খামার গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুরাতন পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মো. আলম শরীফ খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ নিয়ে গবাদিপশু ও পাখির খামার প্রতিষ্ঠা করলে ডিম ও মাংস উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে ব্যক্তিগত স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।
এবারের প্রাণিসম্পদ মেলায় বিভিন্ন প্রজাতির প্রাণী ও প্রাণিসম্পদ খাতের নানা বিষয় নিয়ে মোট ২৯টি স্টল স্থান পেয়েছে। আয়োজকদের আশা, মেলার মাধ্যমে প্রাণিসম্পদ উৎপাদন, খামার ব্যবস্থাপনা ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে মানুষের আগ্রহ বাড়বে।