বাগেরহাটের ফকিরহাটে ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করার পর খুলনা ও বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় হামলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে শরীকুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাহফুজুল নবী (৩১) এবং বাগেরহাট সদরের বারাশিয়া এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে মেহেদী হাসান রাসেল (২৬)।
পুলিশ সুপার জানান, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত এসএম আমির হামজা সাতিলের দোতলা বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আটক তিনজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে তথ্য পেয়েছে পুলিশ।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়াও চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।




