চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান চালায়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামে অভিযান চালায়। সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।