বাড়িতে টাকা ও স্বর্ণালংকার রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন দুই ব্যক্তি। কিন্তু ছাদে অপেক্ষার সময় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর চোখে পড়ে যাওয়ায় তাঁকে হত্যা করেন তারা। এরপর একে একে প্রাণ কেড়ে নেন পরিবারের অন্য তিন সদস্যেরও।
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্তের বিস্তারিত তুলে ধরেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি হলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।
পুলিশ কমিশনার জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় আসামিদের ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া অন্যান্য সাক্ষ্যপ্রমাণও তাদের জবানবন্দির সঙ্গে মিলেছে বলে দাবি পুলিশের।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। এ তথ্য থেকেই দুই আসামি চুরির পরিকল্পনা করেন। ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ ওই বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েছিলেন। এ ছাড়া এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে দুজনই গণধোলাইয়ের শিকার হয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অবস্থান নেন দুই আসামি। সেখানে ইয়াবা সেবনের পর অপেক্ষা করছিলেন তারা। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাঁকে দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। তাদেরও হত্যা করেন আসামিরা। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকেও হত্যা করা হয়। পুলিশের দাবি, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হওয়ায় সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যান আসামিরা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তার দেখানো মতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএর উপস্থিতি মেলেনি।
এদিকে গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা থাকার আলোচনা থাকলেও তদন্তে প্রায় ২০ লাখ টাকা পাওয়ার তথ্য পাওয়া গেছে। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচার কার্যক্রম এখনো শুরু হয়নি জানিয়ে পুলিশ কমিশনার বলেন, প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি ও অভিযোগ গঠন হবে। এরপর বিচার শুরু হলে আদালতের পর্যবেক্ষণ জানা যাবে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ছেলে আয়ুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় হত্যা মামলা করেন গোপীনাথ চক্রবর্তী। প্রথমে কোতোয়ালি থানা তদন্ত শুরু করলেও পরে মামলার দায়িত্ব নেয় মহানগর গোয়েন্দা পুলিশ।