ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমল কুমার সাহা (৩৭) ও ইয়াসিন হোসেন (২৪) নামে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার দুটি পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার রাতে শৈলকুপা থেকে মাহেন্দ্রযোগে ঝিনাইদহ শহরে আসছিলেন কমল কুমার সাহা ও ওহিদুজ্জামান। রাত ১০টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মুরারীদহ এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে একটি ড্রাম ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কমল কুমার সাহার মৃত্যু হয়। আহত ওহিদুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কমল কুমার শৈলকুপা পৌর শহরের নগরপাড়া এলাকার সুধীর সাহার ছেলে। ওহিদুজ্জামানের বাড়ি একই উপজেলার হড়রা গ্রামে। তিনি মোহাম্মদ আলীর ছেলে।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গান্না এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইয়াসিন হোসেন (২৪)। তিনি কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মঞ্জের আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।