সিরাজগঞ্জের চৌহালীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন জিসান আহমেদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জিসান গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকার আকবর আলীর একমাত্র ছেলে।
পুলিশ জানায়, রোববার ঢাকা থেকে চার বন্ধু এনায়েতপুরে ঘুরতে আসেন। পরে তারা গোলাম হোটেলে খেতে যান। সেখান থেকে যমুনা নদীতে গোসল করতে নামলে জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা এবং স্থানীয় জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে এনায়েতপুর থানা-পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। দিনভর চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা সোমবার সকালে ঘটনাস্থলের দক্ষিণ অংশ থেকে মরদেহ উদ্ধার করেন।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করতে এসেছেন।
নিহতের চাচা জাহিদ আহমেদ শিমুল বলেন, খবর পেয়ে তারা মরদেহ নিতে এসেছেন।
আনন্দভ্রমণে এসে জিসানের এমন মৃত্যুতে তার পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।




