সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরাঞ্চলে এখন ধান, মরিচ, চিনা বাদাম, পাট, আখ, মিষ্টি কুমড়া, সূর্যমুখী, কাউন, সবজি, ভুট্টাসহ নানা ধরনের ফসলে ভরপুর। এক সময় জমিগুলো পতিত থাকলেও এখন কৃষকরা সেখানে চাষাবাদ করে লাভবান হচ্ছে। এখন চরের অভিশপ্ত ধু-ধু বালুচর আর্শীবাদে পরিণত হয়েছে।
কৃষকরা বর্তমানে জমিতে নিড়ানি, পরিপক্ব ফসল উত্তোলন বা নতুন ফসল আবাদ করতে ব্যস্ত সময় পার করছে। জানা যায়, কাজীপুর উপজেলায় যমুনা ও ইছামতি নদী রয়েছে। ফলে এ উপজেলার অধিকাংশ এলাকায় চরাভ‚মি রয়েছে। সেচ সুবিধা না থাকায় দীর্ঘদিন থেকে এসব চরাভ‚মি পতিত থাকত। কিন্তু গত কয়েক বছর আগে থেকে কৃষকরা মাটিতে বোরিং করে ইঞ্জিনচালিত শ্যালোমেশিনের সাহায্যে পানি উত্তোলন করে তা কৃষি কার্য্যে ব্যবহার করছে। পলিথিন বা প্লাস্টিকের পাইপের সাহায্যে উঁচু নিচু জমিতেও সেচ সুবিধা চালু করেছে। বর্তমানে নদীর উজান থেকে নেমে আসা উর্বর পলি মাটিতে প্রচুর পরিমাণে নানা ধরনের ফসল উৎপন্ন হচ্ছে।
উপজেলার খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুর নগর, শুভগাছা ও চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, সেখানে ধান, মরিচ, পাট, বাদাম, তিল, কাউন, আখ, সরিষা, পেঁয়াজ, গম, রসুন, সবজি, মিষ্টি কুমড়া, ভুট্টাসহ নানা ধরনের ফসলের ব্যাপক আবাদ হচ্ছে। কেউ জমিতে নিড়ানি দিচ্ছেন, কেউ পানি সেচ দিচ্ছেন আবার কেউবা সদ্য পরিপক্ব হওয়া উচ্চ ফলনশীল জাতের কাঁচামরিচ, মিষ্টি কুমড়া উত্তোলন করছে। কেউ কেউ উত্তোলন করা ফসল চরের একমাত্র বাহন ঘোড়ার গাড়িতে পরিবহণ করে বাজারজাত করতে নিয়ে যাচ্ছে। এ বছর চরাঞ্চলে উৎপাদিত ফসল কৃষকরা বাজারজাত করে ভালো দাম পাচ্ছে বলে জানায় কৃষক সালাম।
কাজীপুর উপজেলা কৃষি অফিস তথ্য সূত্রে জানা যায়, মোট ফসলি জমি ৪৭,০৭০ হেক্টর এবং নদী ৪৫৪০ হেক্টর।
চলতি বছরে এ উপজেলায় ৮২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি, ৪৫০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি, ৩৬৯ হেক্টর জমিতে মরিচ, ৯৩৫০ হেক্টর জমিতে ভুট্টা, ৯৫০ হেক্টর জমিতে আমন ধান, ৭ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া, ৬০৫ হেক্টর জমিতে আলু, ১২২৫ হেক্টর জমিতে সরিষা, ৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি, ৮৫ হেক্টর জমিতে মিষ্টি আলু, ৩৫০ হেক্টর জমিতে গম, ৫৬৪৫ হেক্টর জমিতে পাট, ৪০ হেক্টর জমিতে আখ, ৮৮১ হেক্টর জমিতে বাদাম, ৭৬ হেক্টর জমিতে রসুন, ৩০ হেক্টর জমিতে কালোজিরা, ২৪০ হেক্টর জমিতে পেঁয়াজ, ৭১৫ হেক্টর জমিতে মাসকালাই, ৪৫০ হেক্টর জমিতে খেশারী, ১০০ হেক্টর জমিতে কাউন, ৪৯০ হেক্টর জমিতে তিল, ৩২০ হেক্টর জমিতে মসুর, ৪৯০ হেক্টর জমিতে তিলসহ বিভিন্ন জাতের ডাল, তিসি, অন্যান্য ফসলের আবাদ হচ্ছে।
চরগিরিশ ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলে, চরের জমিগুলো আগে পতিত থাকত। পানি সেচের অভাবে সেখানে শুধু বাদাম, কাউন ও খেরাচি আবাদ হতো। কিন্তু শ্যালোমেশিন বসিয়ে প্লাস্টিকের পাইপের সাহায্যে পানি সেচের মাধ্যমে এসব জমিগুলোতে আমরা সোনার ফসল ফলাচ্ছি।
শুভগাছা গ্রামের কৃষক আলীম উদ্দিন বলে, গত বছর ৫ বিঘা জমিতে ভুট্টা, ৩ বিঘা জমিতে মরিচ, ১ বিঘা জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করে বেশ লাভবান হয়েছি। এসব দুই ফসলি জমিতে পাটেরও বাম্পার ফলন আমরা ঘরে তুলেছি। এ বছরও মরিচ, ভুট্টা, মিষ্টি কুমড়া, বাদামসহ বেশকিছু ফসলের আবাদ করেছি। বেশ ভালো ফলন হয়েছে।
এবিষয়ে কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, কৃষি অফিসের পরামর্শে চরাঞ্চলে কৃষকরা আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের বিভিন্ন ধরনের ফসল চাষ করে বেশ লাভবান হচ্ছেন। এখানে অনেক বেকার যুবক কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন এবং তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এক সময়ের পতিত চরাঞ্চল এখন নানা ধরনের ফসলে ভরপুর হয়ে উঠেছে। চরাঞ্চলের ধু-ধু বালুচর অভিশাপ থেকে মুক্ত হয়ে আর্শীবাদে পরিণত হয়েছে।