চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, দেশে দুর্নীতি কমাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিটি স্তরে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নীতি নির্ধারণ ও সেবা প্রদান ব্যবস্থায় নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) রংপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজিত সনাক-ইয়েস-এসিজি সমন্বয় সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। আরডিআরএসের রোকেয়া হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও দাতা সংস্থাগুলোর অর্থায়ন কমে যাওয়ার মতো চ্যালেঞ্জের মধ্যেও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সনাককে অনুঘটকের ভূমিকা পালন করতে হবে।
সনাক সভাপতি অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি অ্যাডভোকেট দিলরুবা রহমান। এতে সনাক ও তরুণ নেতৃত্বের প্রতিনিধিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে মুনীর চৌধুরী বলেন, সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সমন্বিত উদ্যোগে দুর্নীতিবিরোধী আন্দোলন এগিয়ে নেওয়া হবে। অংশগ্রহণকারীদের বক্তব্যে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সনাক সদস্য অধ্যাপক মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় সনাক, ইয়েস ও এসিজির চলমান কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সেবাখাতে নাগরিক হয়রানি, তথ্যপ্রাপ্তিতে বাধা, সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির বিষয় তুলে ধরেন। এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন তারা।




