কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশবাসীকে রক্ষার জন্য ভারত থেকে আসা জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলীর কাছে দোয়া চেয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বাবুল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে আব্দুস সামাদ মুন্সী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাহফিলে উপস্থিত ভারতীয় বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলীকে উদ্দেশ করে এমপি বাবুল বলেন, হুজুর, আপনার ওই পাশে আমাদের কিছু মানুষ আছে। আপনি তো আমাদের মেহমান। ওইখানে তাদের জন্য একটু দোয়া করেন, যাতে অশান্তি তৈরি না করে।
তিনি আরও বলেন, আমরা এখন শান্তিতে আছি, শুকরিয়া। হুজুরকে বলব, আপনার ওই পাশে আমাদের কিছু মানুষ আছে। তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে তাদের হেফাজত করেন, তারা যেন আমাদের অশান্তি তৈরি না করে।
বক্তব্যের একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করে তিনি বলেন, তারা পালিয়ে গেছে। এখনো আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। আপনি শুধু তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।
এমপি বাবুলের বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি রাজনৈতিক ব্যঙ্গ ও কটাক্ষের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে ভারতের বক্তার কাছে ‘ওই পাশে’ থাকা ব্যক্তিদের জন্য দোয়া চাওয়ার মাধ্যমে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করেন তিনি। একই সঙ্গে তাদের হেদায়েত কামনা করে দেশকে অশান্তিমুক্ত রাখার আহ্বান জানান।




