সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৩ কোটি ১১ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বাহিনীটি।
গত সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকা থেকে ২৪ জনকে আটক করেছে। একই সময়ে মানব পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে ১৭ জন দালালকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।




