দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রংপুরে পূর্ণাঙ্গ বিশেষায়িত শিশু চিকিৎসাসেবা চালুর দ্বারপ্রান্তে। শয্যাসংকট ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য অন্যত্র ছুটে যাওয়ার ভোগান্তি কমাতে ২০০ শয্যার নতুন হাসপাতালটি চালুর প্রস্তুতি চলছে। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।
রংপুরে ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালকে ২০০ শয্যায় উন্নীত করে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করবেন। এটি চালু হলে রংপুরসহ আশপাশের অঞ্চলের শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল ভবন নির্মাণের কাজ শেষ হলেও জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে এত দিন পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা সম্ভব হয়নি। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এখানে বহির্বিভাগে সীমিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, রংপুরসহ দেশের পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজও শেষ হয়েছে।
হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নবজাতক ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটথেরাপি মেশিনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনে নার্স নিয়োগ দেওয়া হয়েছে। উপপরিচালক পদেও একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তাকে ২৯ নভেম্বরের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। এ ছাড়া সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট ও মেডিকেল অফিসার পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের দীর্ঘদিনের শয্যাসংকট ও চিকিৎসাসংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, শিশু হাসপাতালটিতে নতুন উপপরিচালক নিয়োগের কথা শুনেছেন। ইতোমধ্যে কিছু চিকিৎসা সরঞ্জামও এসেছে। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ জানান, হাসপাতালটি সম্প্রতি ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি ও বাজেট দ্বিগুণ করা হয়েছে। ইতোমধ্যে ১২ জন নার্স কাজে যোগ দিয়েছেন। চিকিৎসক নিয়োগের জন্য পাঁচ থেকে ছয়জনের তালিকা পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে হাসপাতালের উপপরিচালকের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালের প্রয়োজনীয় আসবাবপত্র পৌঁছেছে। চিকিৎসা সরঞ্জাম কেনার কাজ করছে সিএমএমডি। বিভিন্ন দপ্তরে কর্মরত অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীদেরও এখানে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের তিনতলা ভবন ছয়তলায় উন্নীত করার কাজও শুরু হবে।