তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানো, আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের করণীয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইন্দ্রজীত সাহা। তিনি বলেন, প্রচলিত তামাকজাত দ্রব্যের পাশাপাশি ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও মানুষকে সচেতন করা প্রয়োজন।
তামাক নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং, আইনের যথাযথ প্রয়োগ এবং তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সভায় বিভিন্ন করণীয় তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি), দেবীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক জাকির হোসেন রাজু, পৌর নির্বাহী সাখাওয়াদ আলী, উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন এবং পল্লী সাহিত্য সংস্থার সমন্বয়কারী আব্দুর রাশেদ বাদল।
পল্লী সাহিত্য সংস্থার পরিচালক হারুন অর রশিদ স্বাগত বক্তব্য দেন। সভায় স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে উপকরণ সরবরাহ করে এনআইএলজি, ডব্লিউবিবি ট্রাস্ট ও বাটা। এনআইএলজি ও পল্লী সাহিত্য সংস্থা যৌথভাবে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।