মেহেরপুরের গাংনী উপজেলায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন এলাকার আবেদনকারীরা। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে গিয়েও ছবি তুলতে না পেরে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীসহ ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন অফিসে ফাইল জমা দেওয়ার পর ছবি না তুলেই তাদের ফিরে যেতে বলা হচ্ছে। পরে ফোন করে ছবি তোলার তারিখ জানানো হবে বলে জানানো হচ্ছে। এতে একই কাজের জন্য আবারও যাতায়াত করতে হচ্ছে আবেদনকারীদের।
বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, পড়াশোনার কারণে বারবার বাড়িতে আসা সম্ভব হয় না। ছবি তোলার কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি আগে জানানো হলে তাদের সময় ও অর্থের অপচয় হতো না। সরকারি কোনো লিখিত নির্দেশনা ছাড়াই ছবি তোলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, আগামী ২ নভেম্বরের আগে নতুন ভোটারদের ছবি তোলা সম্ভব হবে না। তবে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেননি।
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা একরামুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের দাবি করেন, নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম চলছে। গাংনীতে কেন ছবি তোলা বন্ধ রয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।