পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটিকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের অভিযোগ, গত ১৯ অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ তেলিখালী গ্রামে বাড়ির কাছাকাছি নদীর তীরবর্তী নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
শিশুটি স্থানীয় ২৯ নম্বর দক্ষিণ তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় শিশুটি বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে নদীর তীরবর্তী এলাকায় ছিল। সেখানে নিয়ে গিয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয় বলেও পরিবারের দাবি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিশুটিকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাকে ভীতসন্ত্রস্ত অবস্থায় বড় বোনকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায়। তবে শিশুটির চিকিৎসা ও শারীরিক পরীক্ষা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা থানায় আসছেন বলে তিনি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।