ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা, নগদ ৩ হাজার টাকা ও একটি স্মার্টফোনসহ মোঃ শফিউল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের রবিউল হোসেনের পেয়ারা বাগানে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই অপু কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল নেপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শফিউল্লাহকে আটক করে তার দখল থেকে ১২৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা এবং একটি ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।
গ্রেফতার শফিউল্লাহ কুল্লাহ গ্রামের মোঃ সুজা ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই হিমানিষ বিশ্বাস বাদী হয়ে ৩০ অক্টোবর মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৫২। 
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমরান আলম জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।