সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দিনব্যাপী পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি, ১ হাজার ৯০০ টাকায় বিক্রির প্রস্তাব দেওয়ায় মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক মো. এনামুল হক রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকার মধ্যে বিক্রির প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।