আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জ্বালানি সংকট মোকাবিলা এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে এ কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার।
বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের লিংক রোডসংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সীমিত পরিসরে পরিচালিত বায়োগ্যাস কার্যক্রম ভবিষ্যতে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। এ প্রযুক্তির সুবিধা ও ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বুকলেট তৈরি করে মাঠপর্যায়ে বিতরণ করা হবে। এর মাধ্যমে খামারিদের বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উৎসাহিত করা হবে। অনুষ্ঠানে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উৎসাহ দিতে দুজন খামারিকে দেড় লাখ টাকা করে ঋণ দেওয়া হয়।
তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বাড়াতে যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং, কেয়ার গিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, গৃহস্থালির চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। যুব উন্নয়নের বিভিন্ন সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।




