লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের বাস থেকে এক যাত্রীকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে ১০ থেকে ১২ জনের একটি দলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তরা পালিয়ে গেছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় ডিবির একটি টহল দল। লক্ষ্মীপুর সদর থানার উত্তর তেমুহনী এলাকার লিল্লাহ মসজিদসংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে মেজবাহ উদ্দিন হেলাল (৫৩) নামের ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় মো. জামাল হোসেন (৩২) নামে একজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঝুমুর মোড় থেকে ইকোনো বাসের যাত্রী হেলালকে নামিয়ে নিয়ে যায় ১০ থেকে ১২ জন। পরে তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে উত্তর স্টেশন এলাকার বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে মারধর করা হয় এবং মব সৃষ্টির চেষ্টা চালানো হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।