কক্সবাজারের উখিয়ায় বক শিকারিদের হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থে তিনটি ফাঁকা গুলি ছুড়েছেন বন বিভাগের কর্মীরা। এতে অল্পের জন্য রক্ষা পান উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানসহ অভিযানে অংশ নেওয়া কর্মীরা। এ সময় নয়টি বক উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উখিয়া বন রেঞ্জের মাছকারিয়া ডেবায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বন বিভাগের ভাষ্য, অভিযানের উপস্থিতি টের পেয়ে বক শিকারিরা বনকর্মীদের ওপর সশস্ত্র হামলার চেষ্টা করেন। পরিস্থিতি বিবেচনায় আত্মরক্ষার্থে বনকর্মীরা তিনটি ফাঁকা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে নয়টি বক উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি তারেক (২০)। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকার ইছাম্মতের ছেলে।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে নয়টি বক উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।