জামালপুরের ইসলামপুর উপজেলায় শাখা ডাকঘরগুলোর অবকাঠামোগত দুরবস্থা দেখা দিয়েছে। সংস্কার ও উপযুক্ত কর্মপরিবেশের অভাবে অনেক ডাকঘরের কার্যক্রম চলছে পোস্টমাস্টারের বসতঘর, বারান্দা কিংবা ছোট কক্ষে। এতে স্বাভাবিক ডাকসেবা ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলায় মোট ১১টি শাখা ডাকঘর রয়েছে। এগুলো হলো পলবান্ধা, গঙ্গাপাড়া, পচাবহলা, মোশারফগঞ্জ, পোড়ারচর, কান্দারচর, মালমারা, গাইবান্ধা, সিরাজাবাদ, মলমগঞ্জ ও মুখশিমলা।
সরেজমিনে কয়েকটি ডাকঘর ঘুরে দেখা যায়, অনেক স্থানে প্রয়োজনীয় সাইনবোর্ড ও চিঠি রাখার বাক্স নেই। পচাবহলা শাখা ডাকঘরের নিজস্ব ভবনও নেই। সেখানকার পিয়ন মোঘল শেখ নিজের জরাজীর্ণ ঘরে ডাক সংরক্ষণ করে গ্রাহকদের মধ্যে বিতরণ করছেন। স্থানীয়দের দাবি, ডাকসেবা সচল রাখতে শাখা ডাকঘরগুলোর দ্রুত সংস্কার, প্রয়োজনীয় স্থানে নিজস্ব ভবন নির্মাণ এবং কর্মীদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
ইসলামপুর উপজেলা পোস্টমাস্টার তাশরীফ মাহমুদ বলেন, অনলাইন যোগাযোগের কারণে ডাকঘরের ব্যবহার আগের তুলনায় কমেছে। তবে সরকারি গুরুত্বপূর্ণ চিঠিপত্র ও নোটিশ এখনো ডাক বিভাগের মাধ্যমে আদান-প্রদান করা হয়।